![]() |
| তারেক রহমানের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু- মির্জা ফখরুল ইসলাম আলমগীর |
বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও গণতন্ত্রের পথে অনেক দূর এগিয়ে যাবে। তিনি এ মুহূর্তকে দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। দীর্ঘ দমন-পীড়ন ও রাজনৈতিক অস্থিরতার পর জনগণের ভোটে গঠিত নতুন সংসদ জাতির সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে দলের নির্বাচিত সদস্যরা ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কার ত্বরান্বিত হবে।
এর আগে সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং দলীয়ভাবে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের প্রক্রিয়াও গতি পায়।
মির্জা ফখরুল আরও জানান, বিএনপির সংসদ সদস্যরা নৈতিকতার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তারা ডিউটি-ফ্রি গাড়ি গ্রহণ করবেন না এবং সরকারের কাছ থেকে কোনো প্লটও নেবেন না। জনগণের কষ্টার্জিত অর্থের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব পালনের অঙ্গীকার থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ সময় ধরে সংসদকে অকার্যকর করে রাখার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা থেকে বেরিয়ে এসে কার্যকর ও জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠা করা হবে। বিরোধী মতের প্রতি সহনশীলতা, আইনের শাসন এবং অর্থনৈতিক পুনর্গঠনের মাধ্যমে দেশকে স্থিতিশীল পথে নেওয়ার প্রতিশ্রুতিও তিনি ব্যক্ত করেন।
সবশেষে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনেক বেশি, আর সেই প্রত্যাশা পূরণে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের সমন্বয়ে একটি নতুন বাংলাদেশ গড়াই হবে তাদের প্রধান লক্ষ্য—এমনটাই জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

0 Comments